মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসকের জরুরি সভা।
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলার জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ক্যাবের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফিলিং স্টেশনের মালিক ও ডিলারবৃন্দ, মিডিয়া প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখা, বিপণন ও বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে করে সাধারণ ভোক্তারা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।
