মেহেরপুরে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নের আশা।
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন।
পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান।
এছাড়াও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
