মেহেরপুর সরকারি কলেজে মাদক, অনলাইন জুয়া, আত্মহত্যা ও নিরাপত্তা সচেতনতামূলক মতবিনিময় সভা
মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে মেহেরপুর সরকারি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জেলা পুলিশ, মেহেরপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর।
অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, অনলাইন জুয়ার প্রতারণামূলক ফাঁদ, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং সড়ক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি অল্প বয়সে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোর আহ্বান জানান এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পাশাপাশি বাস্তব জীবনভিত্তিক নানা প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এ.কে.এম নজরুল কবীর, অধ্যক্ষ, মেহেরপুর সরকারি কলেজ। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, অনলাইন জুয়া ও আত্মঘাতী প্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
