মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় গোল্ডেন লাইন পরিবহন ও মাটি বোঝাই একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনটি গাংনী থেকে মেহেরপুরের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে গাড়াডোব এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসের সুপারভাইজার সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকাবাসী সড়কের ওপর যানবাহন ফেলে না রাখার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অসতর্কতার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
