মেহেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত : জেলা বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির
‘করবো কাজ, গড়বো দেশ; আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে অবিরাম’—এই প্রত্যয়কে সামনে রেখে মেহেরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত এই সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এখান থেকে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকাবিল্লাহ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হাসান মিন্টু। এছাড়া প্রবীণ নেতা আলমগীর খান ছাতু ও হাফিজুর রহমান হাফিসহ দলটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
