মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জাতীয় পতাকা এবং পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন সমবায় পতাকা উত্তোলন করেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক। সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, ইউসিসি চেয়ারম্যান শামসুল আলম, সমবায় প্রতিনিধি গুরুদাস হালদার ও মাজেদ আলীসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায়ীদের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
পরে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, ইউসিসির সভাপতি শামসুল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, চাঁদবিল সমবায় সমিতির সভাপতি গুরুদাস হালদার, মাজেদ আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
