Home » গাংনীতে ধান মাড়াইয়ের বিরোধে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ

গাংনীতে ধান মাড়াইয়ের বিরোধে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ

কর্তৃক xVS2UqarHx07
15 ভিউজ

 

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জয় (২২) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত জয় যুগিন্দা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একই গ্রামের মোকলেসুর রহমানের ছেলে আলমগীর ও জাহাঙ্গীরের সঙ্গে ধান মাড়াইকে কেন্দ্র করে জয়ের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় ধান মাড়াই শেষে বাড়ি ফেরার পথে জয়কে ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত জয় অভিযোগ করে বলেন, ধান মাড়াইয়ের মেশিন আনতে মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান নয়ন জানান, গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন