মেহেরপুরে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা অংশগ্রহণ করেন ৪ হাজার ৯৮৬ পরীক্ষার্থী
সারা দেশের ন্যায় মেহেরপুরেও আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেলার তিনটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম মিলিয়ে মোট ৪ হাজার ৯৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ এইচএসসি পরীক্ষায় জেলার ৮টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৩ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী।
মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ৭৬৯ জন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পৌর ডিগ্রি কলেজ, এআরবি কলেজ ও যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের মোট ৫৪৭ জন এবং পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে মেহেরপুর সরকারি কলেজ ও কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট ৫৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
গাংনী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৫০ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৮৯ জন এবং বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৪০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এছাড়া মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৭ জন এবং মুজিবনগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় জেলার ৩টি কেন্দ্রে মোট ৬৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৪১৭ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ২৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৭০ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭০ জন পরীক্ষার্থী রয়েছে।
অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার একটি কেন্দ্রে মোট ১৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কবি নজরুল ইসলাম শিক্ষা মঞ্জিল কেন্দ্রে জেলার ছয়টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা সদরের কেন্দ্রগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কেন্দ্র কমিটি, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের মাধ্যমে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের পরীক্ষা।
