মেহেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা টুটুল আটক, থানায় দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান
টুটুল গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুধবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ জুন) থানা হেফাজত থেকে আদালতে নেওয়ার সময় থানা চত্বরেই উপস্থিত লোকজনের সামনে টুটুল বক্তব্য দেন। তিনি বলেন, আমি জন্মগতভাবে অপরাধী নই। এ দেশে জন্মগ্রহণ করেছি, সেটাই আজ আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে। বিনা অপরাধে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মানুষের জন্য রাজনীতি করেছি, সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি করেছি। আজ আমাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু আমি ‘জয় বাংলার’ লোক বলে।
তিনি আরও বলেন, যদি জয় বাংলা করা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী। তবে মনে রাখবেন, আজ যারা আমাকে অপরাধী বানিয়েছেন, কাল একদিন তারাও একই পরিস্থিতির মুখোমুখি হবেন। মানুষের মুক্তির জন্য শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন এবং দেশের মানুষের মুক্তি নিশ্চিত করবেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে বলেন, আপনি আজ আমাদের রাজনৈতিক অধিকার সীমিত করেছেন। একদিন আপনার দলের রাজনৈতিক অধিকারও সীমিত হতে পারে। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতে পরিবর্তন আসবে বলে দাবি করেন।
টুটুলের এই বক্তব্য ও ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে থানা চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।
