মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে পুলিশকে মারধরের
অভিযোগ।
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশনের কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনায় গোপাল চন্দ্র নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেলপ্রতি ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। কিছু মোটরসাইকেল চালক অতিরিক্ত জ্বালানি নিতে চাইলে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে পড়ে মারধরের শিকার হন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র। এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত গোপাল চন্দ্রকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
