মেহেরপুরের গাংনী উপজেলায় ঔষধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), সোনিয়া খাতুন (২৮), মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, করমদী গ্রাম থেকে বাওট গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ঔষধবাহী একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত পাখি ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পাখি ভ্যানে থাকা সাতজনই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বামন্দীর একটি স্থায়ী ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
