Home » দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ১ ।

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত ১ ।

কর্তৃক ajkermeherpur
380 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় এলাকায় মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

তারা আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই জিহাদের মৃত্যু হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি অপমৃত্যুর মামলা হয়, তাহলে তা রাজশাহীতেই হবে বলে জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন