বারবার ডাকলেও আসেননি চিকিৎসক-নার্স, মেহেরপুর হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃত আছিয়া নামের ঐ গৃহবধূ (৩০) মেহেরপুর শহরের ক্যাস্যবপাড়া এলাকার রিপনের স্ত্রী।
গেল ১৪ নভেম্বর দুপুরে ডেঙ্গু আক্রান্ত আছিয়াকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।
রোগীর মৃত্যুর পর হাসপাতালে কর্মরত নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তাঁদের অভিযোগ, রোগীর প্রয়োজনীয় সেবা যথাযথভাবে দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দেয়।
তবে নার্সদের দাবি, রোগীর স্বজনেদর ডাকে একাধিকবার সাড়া দিয়েছেন তারা। রোগীকে সেবাও দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা ছিল না বলেও দাবি করেন তাঁরা।
ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অলোক কুমার দাস বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় চাইলেও সব রোগীর কাছে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না। তবে আছিয়ার শারীরিক সমস্যার কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিয়েছেন।
