Home » মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে সেই কৃষককে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে সেই কৃষককে হস্তান্তর করল বিএসএফ

কর্তৃক xVS2UqarHx07
25 ভিউজ

মেহেরপুর সদরের ইছাখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান ও দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শূন্যরেখার কাছে কাজ করার সময় ৭০ বছর বয়সী কৃষক আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে স্থানীয়রা ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

পরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

 

জানা যায়, ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজ মরিচ খেতে কীটনাশক দিতে যান আব্দুল মান্নান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তিনি ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

 

কৃষক মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ১২৩/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের নদিয়া জেলার লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

 

ইছাখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ বলেন, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা কৃষক আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।

 

এ ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বেলা ২টার দিকে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, শূন্যরেখার কাছে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্ব-স্ব দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন