Home » গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা জব্দ

গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা জব্দ

কর্তৃক xVS2UqarHx07
135 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্ট মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, গাংনী উপজেলার নওপাড়া এলাকায় এক ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এর ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সাইবার স্পেসে জুয়া পরিচালনার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করার কথা স্বীকার করেছেন। এর মধ্যে 1XBET, 1XPARTNERS ও MELBET নামের অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় মামলা করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন