Home » গাংনীতে এনসিপির তিন নেতার কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

গাংনীতে এনসিপির তিন নেতার কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

গাংনীতে এনসিপির তিন নেতার কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল দুর্বৃত্তরা

 

মেহেরপুরের গাংনী পৌর শহরের পৃথক তিনটি স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় তিন শীর্ষ নেতার ছবি সম্বলিত কুশপুত্তলিকা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পৌর শহরের পৃথক তিনটি পয়েন্টে এই সব কুশপুত্তলিকা টাঙিয়ে রেখে যায় বলে জানা গেছে।

 

আজ সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা কুশপুত্তলিকাগুলো দেখতে পান। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো সরিয়ে ফেলে।

 

সরেজমিনে দেখা যায়, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, র‍্যাব ক্যাম্পের অদূরে এবং স্থানীয় সবজি বাজারে কুশপুত্তলিকাগুলো ঝুলছিল। এসব কুশপুত্তলিকায় এনসিপির কেন্দ্রীয় তিন নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কুশপুত্তলিকাগুলোতে লেখা ছিল, “তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে, এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।”

 

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, সকালে স্কুলে যাওয়ার সময় সে বিদ্যালয়ের গেটের সামনে একটি কুশপুত্তলিকা ঝুলতে দেখে।

 

স্থানীয় ক্রোকারিজ ব্যবসায়ী সেলিম বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

 

এদিকে, আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে গাংনীতে এনসিপির একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, পথসভাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী জনমনে প্রভাব ফেলতে বা আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় জড়িতদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, “আমার ধারণা, দুষ্কৃতকারীরা এই কাজটি করেছে, যারা মূলত জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়। তবে এই ধরনের ঘৃণ্য কাজ করে কেউ সফল হবে না।

 

জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশ সামনে এগিয়ে যাবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “আতঙ্ক সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”উল্লেখ্য, এনসিপির ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকালে গাংনীতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

তার ঠিক কয়েক ঘণ্টা আগে এ ধরনের কুশপুত্তলিকা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন