মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাব্বি (১৫) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃ**ত্যু হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আযান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বুড়িপোতা বনাম আযান গ্রাম’ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাব্বি। সেখানে সে জ্ঞান হারালে সঙ্গে থাকা সতীর্থ ও স্থানীয় দর্শকরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃ**ত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃ**ত্যু হয়েছে।
নিহত রাব্বি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মিজারুল ইসলাম বর্তমানে মালয়েশিয়া প্রবাসী এবং মায়ের নাম রেশমা।
নিহত রাব্বির মা বলেন, ছোট থেকেই তার হার্টে সমস্যা ছিল বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করে বর্তমানে সে ভালোই ছিল। কিন্তু খেলাধুলা ভারি কাজ করা নিষেধ ছিল। তাকে খেলতে নিষেধ করার পরও সে খেলা করে।
খেলার মাঠে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাব্বির পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে
