মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদক উদ্ধার করেছে ৪৭ বিজিবি। এ সময় ফেনসিডিল ও ইয়াবাসহ রাসেল হোসেন (নাম) এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল মাঠপাড়া নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ১ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবাসহ রাসেল হোসেনকে আটক করে। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৬ হাজার ৪০০ টাকা। আটক রাসেল হোসেন খাসমহল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
এ ছাড়া একই রাতে ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
