মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ৮-১০ জনের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর, আটকে রাখা এবং মোবাইল ফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই শিক্ষকসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) গাংনী থানায় মামলাটি দায়ের করেন নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি। মামলার নম্বর ৪৬/২৬। এতে দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযুক্ত দুই শিক্ষক হলেন মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী ।
মামলার এজাহার ও সাংবাদিকদের অভিযোগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার দৃশ্য ভিডিও করতে যান নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি ও দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি তারিক। এ সময় তাদের ওপর হামলা করা হয়। পরে দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে তাদের একটি কক্ষে আটকে রাখার অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত রাব্বি ও তারিককে গাংনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা গাংনী থানায় গিয়ে মামলা দায়ের করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।”
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
