মেহেরপুরের গাংনী উপজেলায় র্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মালসাদাহ বসুন্ধরা পাড়ায় কুঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইমন রেজা অনিক (১৯)। তিনি গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটাপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
র্যাব জানায়, অভিযানে অনিকের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৯ হাজার ১০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে দাবি করেছে র্যাব।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
