মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের তরুণ মঈনউদ্দীন পলাশ আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। সম্প্রতি তিনি চেক প্রজাতন্ত্রের University of Technology and Economics in České Budějovice (VŠTE) থেকে Master’s in Logistics ডিগ্রি সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
পলাশ দফরপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। ছোট্ট একটি গ্রাম থেকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি চেক প্রজাতন্ত্রে পাড়ি জমান। নতুন পরিবেশ, ভিন্ন সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন।
মাস্টার্স অধ্যয়নকালে তিনি আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক পরিবহন, লজিস্টিক সিস্টেম এবং এয়ার লজিস্টিক্স বিষয়ে দক্ষতা অর্জন করেন। তাঁর গবেষণামুখী চিন্তাভাবনা, একাডেমিক নিষ্ঠা ও ভালো ফলাফলে মুগ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর তাঁর একাডেমিক সাফল্য ও গবেষণামূলক কাজের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এরই ধারাবাহিকতায় স্লোভাকিয়ার University of Žilina-এ পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগও পেয়েছেন তিনি।
মঈনউদ্দীন পলাশ বলেন, “বিদেশে উচ্চশিক্ষার পথ কখনো সহজ ছিল না। অনেক পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হয়েছে। আমার এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা রয়েছে।”
তিনি জানান, ভবিষ্যতে লজিস্টিক্স, পরিবহন ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে চান এবং অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর স্বপ্ন দেখেন।
দফরপুর গ্রামের এই তরুণের অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো মেহেরপুর জেলার জন্যও গর্বের বিষয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করা সম্ভব, মঈনউদ্দীন পলাশ তারই উজ্জ্বল উদাহরণ।
