Home » নুসরাত তাবাসসুমের বসতভিটায় পেট্রোল বোমা হামলা, মেহেরপুরে এনসিপির প্রতিবাদ

নুসরাত তাবাসসুমের বসতভিটায় পেট্রোল বোমা হামলা, মেহেরপুরে এনসিপির প্রতিবাদ

কর্তৃক xVS2UqarHx07
16 ভিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত বসতভিটায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেহেরপুর জেলা এনসিপি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

 

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মেহেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা এনসিপির আহ্বায়ক রফিকুজ্জামান রফিক বলেন, একজন সংসদ সদস্যের বসতভিটায় এ ধরনের সহিংস হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নমত কখনোই সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈধতা দিতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা এবং স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

 

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন জনপ্রতিনিধি বা তাঁর পরিবারের নিরাপত্তার বিষয় নয়, বরং দেশের গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার জন্যও উদ্বেগের কারণ। রাজনৈতিক বিরোধের সমাধান সহিংসতার মাধ্যমে নয়, বরং আলোচনা, যুক্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

 

এ সময় তাঁরা রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও ভীতির সংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

সংবাদ সম্মেলনে এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্যসচিব আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব তৌহিদ রবিন, মেহেরপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান তাজল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রিদওয়ানুল হক মুজাহিদ, জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব নজরুল ইসলাম, মেহেরপুর জেলা এনসিপির সিনিয়র সদস্যসচিব সৈকত জামান হাসনাত এবং কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আরাফাত জোয়ারদার রাজ।

 

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন