মেহেরপুরে উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে জাতীয় কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন হয়েছে মেহেরপুরে।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে মেহেরপুর জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন উপলক্ষে স্থানীয়ভাবে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে এবার সারা দেশে বাস্তবায়িত হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। মেহেরপুরেও ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে এ কার্যক্রম শুরু হবে।
কর্মসূচির মূল উদ্দেশ্য ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে তাদের প্রতিভা বিকাশে সুযোগ সৃষ্টি করা।
এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোররা যাতে সঠিক পথে খেলাধুলায় এগিয়ে আসতে পারে এবং ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হয়ে উঠতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
