গাংনীতে গরু বােঝাই গাড়ী উল্টে নিহত-১ ; আহত-১১।
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই লাটাহাম্বার গাড়ী (ইঞ্জিনচালিতযানবাহন) উল্টে উজ্জ্বল হোসেন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।
নিহত উজ্জ্বল জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার আলীমুদ্দীনের ছেলে রহিদুল ইসলাম (৪৮), একই পাড়ার নাসির উদ্দীনের রাজা মিয়া (৬০), রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা লিটন আলী (৪৮), মুজিবনগর উপজেলার চকশ্যামনগর গ্রামের ইজারুল ইসলামের ছেলে কবির হোসেন (৪২), মোনাখালি গ্রামের দুলাল উদ্দীনের ইসমাইল হোসেন (৫২), চকশ্যামনগর গ্রামের আব্বাস আলীর ছেলে ওসমান আলী (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩৫), মোনাখালি গ্রামের জহর মন্ডলের ছেলে সাব্দার মন্ডল (৫৫), সদর উপজেলার যাদবপুর আলীমুদ্দীনের ছেলে নাজমুল হোসেন (৩৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের রফিকুল ইসলাম (৫৫)। হতাহতরা সবাই গরু ব্যবসায়ি।বুধবার দুপুর ১২টার দিকে জেলার গাংনী উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মেহেরপুর এলাকা থেকে লাটাহাম্বার গাড়ীযোগে গরু বোঝাই করে চালকসহ ১১ জন গরু ব্যবসায়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিলেন। গাড়ীটি রাইপুর বাজারের অদূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে (পাশকাটিয়ে) নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই লাটাহাম্বার গাড়ীটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা গরুসহ ১১জন গাড়ির নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা ১১জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক গাড়ি চালক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। এবং আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এছাড়াও আহত ৪জন মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকী ২ জন গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।গাংনী থানার ওসি মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত অবৈধযানবাহন লাটাহাম্বার গাড়ীটি জব্দ করা হয়েছে। আহত গরুগুলোকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
