মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে শহিদুল ইসলাম (স্বামী) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় তাহমিনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
