মুজিবনগর সীমান্তে বিজিবির অভিযান, ৩২টি স্বর্ণের বারসহ আটক ২
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তে থেকে ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত ১১০ নং পিলার এর কাছে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে।
এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে দুপুরের দিকে দুই ব্যক্তিকে ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩.৯৪১ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটককৃতরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল (৫০) ও একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন (৩০)।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজ মামুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে তল্লাশি করে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
এ সময় দুই পাচারকারী পালিয়ে যায় তাদের সনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
