বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার অধীন উপজেলা ও পৌর শাখায় ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন। রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এসব আমির আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে রুকনদের ভোটে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা, গাংনী উপজেলা এবং মেহেরপুর ও গাংনী পৌর শাখার আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংশ্লিষ্ট শাখার রুকনদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন।
নবনির্বাচিত আমিররা হলেন—মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মোঃ খাইরুল বাশার, মেহেরপুর পৌর জামায়াতের আমির মোঃ সোহেল রানা ডলার, গাংনী উপজেলা জামায়াতের আমির মোঃ আহসানুল হক এবং গাংনী পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল লতিফ।
আজ বিকেল ৪টায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খান জাহান আলী ও মাওলানা সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত আমিররা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২০২৭-২৮ সেশনে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তারা নেতৃত্ব দেবেন।
