Home » মুজিবনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬০ বছরের বৃদ্ধা

মুজিবনগরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৬০ বছরের বৃদ্ধা

কর্তৃক xVS2UqarHx07
58 ভিউজ

মেহেরপুরের মুজিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার সময় মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ ও ঘর তৈরিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ঘটনা স্থান সূত্রে জানা যায়,

বুধবার সকালে সোনাপুর গ্রামের হানিফ মহলদার ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

 

এ সময় ছেলেকে বাঁচাতে তাঁর মা তহুরা খাতুন এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন এবং গুরুতর আহত হন।

 

পরে খবর পেয়ে হানিফ মহলদারের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে জানা গেছে।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

 

আহত হানিফ মহলদার, রহজান মহলদার ও শহিদুল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

নিহত তহুরা খাতুনের স্বামীর নাম মৃত রমজান মহলদার।

 

আহতরা হলেন—হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) এবং শহিদুল মোল্লা (৬০)।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ইসলাম মলদার (৫০), শাহিন মলদার (২৫), জাহিদ মলদার (২২), ছয়রদ্দীন মলদার (৪৫), আসান মলদার (৬০), জানদার মলদার (৬০) ও আমজাদ মলদারসহ কয়েকজনের বিরুদ্ধে।

 

এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া জানান, খবর পেয়ে মুজিবনগর থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

পুলিশ ঘটনাস্থলের সত্যতা যাচাই করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন